জলাতঙ্ক নির্মূলে সিলেটে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৬:১২:৪৪ অপরাহ্ন

জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষা কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে সোমবার সকাল ১১টায় নগরীর মির্জাজাঙ্গাল এলাকার জেলা ভেটেরিনারি হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। নগরীর বিভিন্ন এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও হাসপাতালের আশপাশে কুকুরের উপদ্রবের অভিযোগ পাওয়া যায়। তবে কুকুর নিধন কোনো সমাধান নয়। কুকুরের কামড়ে জলাতঙ্কের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যেই এ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, আগামী ১৫ দিন ঢাকা থেকে আসা বিশেষ কর্মীদের চারটি দল মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। এ সময় সিসিকের ৪২টি ওয়ার্ডের বেওয়ারিশ ও পোষা কুকুরকে টিকার আওতায় আনা হবে। টিকা দেওয়া কুকুর সহজে শনাক্ত করতে তাদের শরীরে বিশেষ রঙের চিহ্ন দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম সমন্বয়ের জন্য সিটি কর্পোরেশনের একজন করে মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান একটি সময়োপযোগী উদ্যোগ। নগরীর যেসব এলাকায় কুকুরের উপদ্রব বেশি, সেসব এলাকার তথ্য দিয়ে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান থেকে কুকুরের উপদ্রব নিয়ে অভিযোগ পাওয়ার পর সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ সমন্বিতভাবে এ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়। সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে ১৫ দিনব্যাপী নগরীর ৪২টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি কুকুরকে টিকা দেওয়ার পর বিশেষ রঙের চিহ্ন দেওয়া হবে। এতে টিকাপ্রাপ্ত ও টিকা না দেওয়া কুকুর সহজেই শনাক্ত করা যাবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ম্যাস ডগ ভ্যাকসিনেশন এক্সপার্ট ডা. হাবিবুর রহমান, ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিসের টিম কো-অর্ডিনেটর ডা. মো. কামরুল ইসলাম ও হাসান সাইয়েদুল মুরসালিন।
এছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আবু সালমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু, ডা. আব্দুস শহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাসুদ ও ডা. শারমিন আক্তার। বিজ্ঞপ্তি





