তাহিরপুরে হাওর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৬:১৬:৪১ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে মানিকখিলা হাওর থেকে গোলাম নুর (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার হাওরে মাটি কাটতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত গোলাম নুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আরফান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নৌকা নিয়ে মানিকখিলা হাওরে যান গোলাম নুর। হাওরের ভেসে ওঠা উঁচু স্থান থেকে বাড়িতে নেওয়ার জন্য মাটি কাটছিলেন তিনি। দিন শেষে বিকেল হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্বজনরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
সোমবার সকালে হাওরে তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন তা উদ্ধার করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারটি অত্যন্ত দরিদ্র।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





