জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৭:৫৩:০৩ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকসহ সংশ্লিষ্ট যানবাহনগুলো জব্দ করেছে পুলিশ।
শনিবার সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর ফেরিঘাটসংলগ্ন এলাকা ও বিরাইমারা সেতুর পাশে পৃথক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। বাসচালকসহ আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির নাম হাসান প্রামাণিক (৪০)। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে তামাবিল সড়কের বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশুসহ এক কিশোরী নিহত হয়। নিহত শিশুটির নাম আয়াত। সে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে। নিহত কিশোরীর নাম আলিফ আক্তার (১৫)। সে বরিশাল জেলার মো. কাউসার আহমদের মেয়ে।
তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক নজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






