দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৬, ৯:১১:১৫ অপরাহ্ন
২৩৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ড্রোন

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৩৪ প্লাটুন বিজিবি। পাশাপাশি আধুনিক ড্রোনের মাধ্যমে বিভিন্ন স্থানে নজরদারি চালানো হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, উত্তর-পূর্ব রিজিয়নের সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের ৩৩১ দশমিক ৭ কিলোমিটার সীমান্ত এলাকায় সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান।
এসময় হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। পরে পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
সেক্টর কমান্ডার জানান, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি, বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি ও হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি-এই তিন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ রয়েছে। সবমিলিয়ে ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
তিনি আরও জানান, পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের তিন ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল আটক করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে।
সেক্টর কমান্ডার বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। সবাইকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ দেখলে নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকায় ১৮৩টি পূজামণ্ডপ রয়েছে। দুর্গম এলাকার নিরাপত্তায় ১৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে কার্যক্রম শুরু করা হয়েছে। মাঠপর্যায়ে সমন্বয়ের জন্য ব্যবহার করা হচ্ছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’।





