বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মহানগর বিএনপি নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৬:২৩:৪৯ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ নেতৃবৃন্দ। রোববার তাঁরা নগরীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ, দক্ষিণ সুরমার শিববাড়ি পূজামণ্ডপ এবং দাঁড়িয়াপাড়ার চৈতালী পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এ দেশে সব ধর্মের মানুষ আনন্দমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করছেন। তাঁরা আরও বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, সোয়েব আহমদ সোয়েব, আক্তার রশীদ চৌধুরী ও মতিউল বারী খুরশেদ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কৃষিবিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুনায়েদ, সহসাংগঠনিক সম্পাদক রহিম আলী রাশু ও শফিক নূর এবং সহস্বনির্ভরবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি






