কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৭:০৯:৫৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ সেন্টারের মাধ্যমে স্থানীয়দের আধুনিক ফিজিওথেরাপি সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারে মেরিনা স্কয়ার ভবনে সেন্টারটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, নামাজ, রোজা ও যাকাতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া উচিত। এতে সওয়াব অর্জনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি হয়। আজম জে চৌধুরী নিজের ও স্ত্রীর নামে প্রতিষ্ঠান গড়ে এলাকাবাসীর সেবা করছেন। এটি তাঁর সামাজিক দায়িত্ববোধের পরিচয়।
ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। তিনি বলেন, শুধু কুলাউড়া নয়, সারা দেশেই তাঁদের প্রতিষ্ঠান বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। সামাজিক উন্নয়নে অবদান রাখতে পেরে তাঁরা গর্বিত। ব্যবসাপ্রতিষ্ঠানের অর্জন দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত বলেও তিনি মন্তব্য করেন।
আজম জে চৌধুরী আরও বলেন, তাঁদের উদ্যোগগুলোর বিশেষত্ব হলো এগুলো বাস্তবসম্মত ও আধুনিক। এর আগে ওই স্থানে ২২ বছর ধরে একটি ক্লিনিক চালু ছিল। পরে সেটিকে ডায়াগনস্টিক সেন্টারে রূপান্তর করা হয়। স্থানীয় মানুষ যাতে আধুনিক চিকিৎসাসেবা পান, সেটিই তাঁদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
এ সময় ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক দিলরুবা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।






