পূজার ছুটিতে সাদাপাথরে পর্যটকের ঢল
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৮:১৬:৩৩ অপরাহ্ন

আব্দুল জলিল কোম্পানীগঞ্জ: পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানি আর পাথরের অপূর্ব মিতালিÑপ্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে ভিড় করছেন হাজারো পর্যটক। দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জনপ্রিয় এ পর্যটনকেন্দ্র। বেড়েছে স্থানীয় ব্যবসায়ীদের ব্যস্ততাও।
মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর সাদাপাথরে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫ হাজার পর্যটকের সমাগম হলেও পূজার ছুটিতে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজারে।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা সাদাপাথরের স্বচ্ছ পানিতে নেমে আনন্দে মেতে উঠেছেন। কেউ পাথরের ওপর বসে সময় কাটাচ্ছেন, কেউ নদীর তীরে রাখা চেয়ারে বসে উপভোগ করছেন প্রকৃতির অপরূপ দৃশ্য। আবার অনেকে স্মৃতি ধরে রাখতে ক্যামেরায় বন্দি করছেন আনন্দঘন মুহূর্ত।
ঢাকা থেকে পরিবারের ছয় সদস্যকে নিয়ে সাদাপাথর ঘুরতে এসেছেন সুমাইয়া আরেফিন। তিনি বলেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাঁদের মুগ্ধ করেছে। বিশেষ করে পাহাড়ের নিচে স্বচ্ছ পানিতে পাথরের ওপর বসে সময় কাটানো ছিল দারুণ উপভোগ্য। পানিতে গা ভেজানোর সঙ্গে সঙ্গে ভ্রমণের ক্লান্তিও দূর হয়ে যায়।
পর্যটকদের আগমন বাড়ায় সাদাপাথরকেন্দ্রিক দোকানপাটেও বেড়েছে ব্যস্ততা। খাবার, কসমেটিকস ও প্রসাধনীর দোকান, বসার চেয়ার ও কাপড় রাখার লকারের সেবাদাতা থেকে শুরু করে ঝালমুড়ি ও ফুচকা বিক্রেতাÑসবাই ব্যস্ত সময় পার করছেন। পর্যটকেরাও পছন্দমতো খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন।
সাদাপাথর ট্যুরিস্ট পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম গাজী জানান, পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সব সময় কাজ করছে। সাদাপাথর নৌকাঘাটে পুলিশের বুথ থেকে পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে। পূজার ছুটি উপলক্ষে টহল জোরদার করা হয়েছে। পর্যটনকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে দ্রুত সেখানে পুলিশি টহলের ব্যবস্থা করা হচ্ছে।





