দুর্গাপূজাকে সামনে রেখে এসএমপির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৭:৪৯:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার সকাল সাড়ে ১১টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজা উদযাপনে বিদ্যমান সমস্যা, সম্ভাব্য চ্যালেঞ্জ, নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন অংশগ্রহণকারীরা।
সভায় পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে এসএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ ও অধিক জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।
প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা, সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।
এ ছাড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া প্রচার না করার জন্যও সবাইকে সতর্ক করা হয়। সভায় এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।





