শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৯:০৪:০৪ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে বিকট শব্দের পর অগ্নিস্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বন্ধ হয়ে গেছে সার উৎপাদন। তবে কারখানার প্রকৌশলীদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দ ও অগ্নিস্ফুলিঙ্গের ঘটনায় কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় প্ল্যান্টের আশপাশের এলাকা।
কারখানার টেকনিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, অ্যামোনিয়া প্ল্যান্টের এনএইচ-৩ কনভার্টার স্টিম ইফ্লুয়েন্ট জেনারেটরের টপ কাভারের শেল সাইডের সারকামফেরেন্সের একাংশে আগে ওয়েল্ডিং করা স্থানে গ্যাস লিকেজ শুরু হয়। এ সময় উজ্জ্বল অগ্নিশিখার সৃষ্টি হলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
পরিস্থিতি বিবেচনায় কারখানার প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে অ্যামোনিয়া প্ল্যান্টের সিনথেসিস সেকশন বন্ধ করে দেন এবং অ্যামোনিয়া কনভার্টারের চাপ (প্রেশার) রিলিজ করেন। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুনের উৎস নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের শাখাপ্রধান মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ বিকট শব্দের সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হলেও প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় সার উৎপাদন বন্ধ রয়েছে।
কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, ঘটনাটি নাশকতামূলক কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীন ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানার নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০১৬ সালে উৎপাদন কার্যক্রম শুরু হয়। বর্তমানে কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ টন ইউরিয়া সার উৎপাদিত হয়।




