ডেঙ্গু ও হামে আরও ১১ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৬:৩৯:২৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩০ হাজার ২১৯ জন। এর আগে, গতকাল ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এর আগে ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।
অপরদিকে দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৪২ জনে।এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ৪১২ শিশু। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩২২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১৩৭ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০৫ শিশু।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৬৩১ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৯২ হাজার ১৭৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।






