ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৯:০০:৫১ অপরাহ্ন

ইনসাফভিত্তিক সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে ইসলামী রাজনীতি ও আদর্শ নেতৃত্বের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। তাঁরা বলেন, কুরআন-সুন্নাহর আদর্শে উজ্জীবিত হয়ে সততা, আমানতদারি ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব।
বৃহস্পতিবার বিকেল ২টায় সিলেট নগরীর শিবগঞ্জে দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি আবু তালহা তোফায়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় কর্মশালায় ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা বিষয়ে প্রশিক্ষণ দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী।
কর্মশালায় আদর্শ নেতৃত্বের গুণাবলি বিষয়ে প্রশিক্ষণ দেন লেখক ও গবেষক মাওলানা মাহবুব সিরাজী। তিনি বলেন, একজন আদর্শ ইসলামী রাজনৈতিক নেতার মধ্যে ইখলাস, তাকওয়া, সততা, আমানতদারি, প্রজ্ঞা, সাহসিকতা ও দায়িত্ববোধ থাকা জরুরি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করা, ভিন্নমতের প্রতি ন্যায়সংগত আচরণ করা এবং কথার সঙ্গে কাজের মিল রাখাই প্রকৃত নেতৃত্বের পরিচয়।
কর্মশালা শেষে তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতা তিনজনকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রশিক্ষণের নোট সংরক্ষণ করে পরবর্তী এক মাসের মধ্যে আরও তিনজনকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সহসভাপতি আব্দুল্লাহ হোসাইন ও আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক নাবিল মাহমুদ, সহসম্পাদক ইকরামুল হক জাবের ও আব্দুল্লাহ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, প্রশিক্ষণ সম্পাদক হাবিব আহমদসহ জেলা ও আওতাধীন বিভিন্ন ইউনিটের শতাধিক প্রশিক্ষণার্থী। বিজ্ঞপ্তি






