মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৯:০৫:৪২ অপরাহ্ন

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনালের ইজারা বাতিল এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটে মশাল মিছিল ও সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সিলেট জেলা শাখা।
বুধবার সন্ধ্যা ৬টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মশাল মিছিলটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে এবং বাসদ সিলেট জেলা শাখার সদস্যসচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এবং সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে নির্বাচিত বিএনপি সরকার সেই চুক্তি বাস্তবায়ন করছে। সংসদে বিরোধী দল জামায়াত ও এনসিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের বিষয়ে নীরব সমর্থন দিচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।
সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনালের ইজারা বাতিল এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ৩০ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় জাতীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা। বিজ্ঞপ্তি






