কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৯:০৯:৪৮ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্ট হয়ে দিলদার হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারত থেকে অবৈধভাবে আনা চোরাইপণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি টাটা পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে সুনারতনপুঞ্জি গ্রামের কালভার্টের পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল ভাউরভাগ প্রথম খণ্ড গ্রামের দিনমজুর নিজাম উদ্দিনের ছেলে দিলদার হোসেন। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্য পরিবহনের জন্য সেখানে একটি পিকআপ রাখা ছিল।
অভিযোগ রয়েছে, পিকআপটি মালামাল লোড করার উদ্দেশ্যে অন্যত্র নেওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণে থাকা সেবুল আহমদ (২৪) রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা দিলদারকে সজোরে ধাক্কা দেন। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পায় কিশোরটি। রক্তাক্ত অবস্থায় সে রাস্তার পাশে পড়ে থাকে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর গুরুতর আহত দিলদারকে উদ্ধার না করে সেবুল আহমদ ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পিকআপের মালিক ও চালক কানাইঘাটের চতুল এলাকার রামিম উদ্দিন এবং ভাউরভাগ প্রথম খণ্ড গ্রামের ফয়েজ আহমদের ছেলে মাসুম আহমদকে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত সেখান থেকে চলে যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন আহত দিলদারকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা নম্বরপ্লেটবিহীন টাটা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।





