ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৭:৪৪:২৫ অপরাহ্ন

সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং যানজট নিরসনে মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার সন্ধ্যায় নগরীর আম্বরখানা এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন তিনি।
অভিযানকালে সিসিক প্রশাসক বলেন, ফুটপাত মানুষের চলাচলের জন্য, আর সড়ক যানবাহন চলাচলের জন্য। ফুটপাত ও সড়কে পণ্যসামগ্রী নিয়ে বসার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং নগরীতে যানজটের সৃষ্টি হয়। তাই কোনো অবস্থাতেই ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা যাবে না।
তিনি বলেন, নগরভবনের পেছনে হকার মার্কেটে ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত স্থান রয়েছে। হকাররা সেখানে বসে ব্যবসা করতে পারবেন। তবে কোনোভাবেই সড়ক বা ফুটপাতে বসে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা প্রথমে ফুটপাত ও সড়কে বসা হকারদের সরে যাওয়ার অনুরোধ করছি। সে অনুযায়ী মাঠপর্যায়ে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এরপরও কেউ যদি আবার ফুটপাত বা সড়কে পসরা নিয়ে বসেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর স্বার্থে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





