তানযীম ইন্টারন্যাশনাল তাহফীয স্কুলে অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৭:১৯:০৮ অপরাহ্ন

তানযীম ইন্টারন্যাশনাল তাহফীয স্কুল সিলেটের চেয়ারম্যান হাফিজ জিল্লুর রহমান বলেছেন, ইসলামী শিক্ষা ছাড়া নৈতিকতাসম্পন্ন ভালো প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান ও পরিবারের সমন্বিত তত্ত্বাবধানেই শিক্ষার্থীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।
তিনি অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী স্কুলকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে নিতে সবাইকে আশ্বস্ত করেন এবং এ ক্ষেত্রে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
শনিবার সকালে সিলেটের মদিনা মার্কেট ক্যাম্পাসের অভিভাবকদের নিয়ে পার্শ্ববর্তী একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের রেক্টর মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সুমাইয়া হাসিন ও একাডেমিক কো-অর্ডিনেটর তামান্না জান্নাতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানযীম এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি সালেহ আহমদ ও আব্দুল বাসিত।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুস সাত্তার, শিক্ষাবিদ খলীলুল্লাহ মুহাম্মদ বায়েজীদ, সাংবাদিক নূর আহমদ, মঞ্জুর আহমদ, ইশরাত জাহান চৌধুরী, মুহিবুর রহমান মুহিন, তানজিদা সুলতানা বিনু, কামরুন নাহার, শামীমা হক, আয়শা আহমদ, লিপিয়া বেগম, লাভলী বেগম, সাদিয়া বেগম, হামিদা বেগম, ফিরোজা বেগম, মাহবুবুর রহমান, মাইদুল ইসলাম, আবু হাশেম, মাহমুদ রেজা, সাজ্জাদুর রহমান, আব্দুর রহমান আব্বাসী, লুৎফুর রহমান, ফজলুর রহমান ও ফারুক আহমদ। এ সময় স্কুলের অধিকাংশ অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পরিচিতি, শিক্ষার মান, পাঠ্যক্রম, বিশেষ বৈশিষ্ট্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন শিক্ষক রাকিব আলী। শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষক হাফিজ আব্দুশ শহীদ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষক ও শিল্পী হেলাল আহমদ।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, যেকোনো প্রতিষ্ঠানের উন্নতি-অগ্রগতি, সমস্যা-সম্ভাবনা এবং আগামীর পথচলা সহজ করতে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি






