দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৮:১০:৪৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে স্কুল ও মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রক্ষা করতে এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানোর অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তি হলেন, লক্ষ্মীপুর গ্রামের সালিশ ব্যক্তিত্ব মো. লাল মিয়া ওরফে গেদা (৬০)। আহতরা হলেন, আনছার আলী, কাহির মিয়া, বশির মিয়া, তাহমিম আহমদ মুরাদ, রবিন ও বাবুলের স্ত্রীসহ অন্তত ১০ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ও মসজিদ কমিটি নিয়ে লাল মিয়ার সঙ্গে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ও ইলিয়াসের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিন ও ইলিয়াসের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে লাল মিয়া ও বাবুলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় নিহত লাল মিয়ার ছেলে কামালের ঘরে লুটপাট চালানো হয়। লাল মিয়া এতে বাধা দিলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ১৫ থেকে ২০টি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ সময় গ্রামের কয়েকজন বাসিন্দা ও আহত ব্যক্তিরা লাল মিয়াকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।






