সুনামগঞ্জে জোড়া খুনের আসামি সিলেটে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৯:১২:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি ও রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের মামলার পলাতক এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শনিবার দিবাগত রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে দুখু মিয়া (২২) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি।
রোববার (৮ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহীদুল ইসলাম সোহাগান।
এসআরবি জানায়, জমিজমা, সরকারি খাসজমিতে গবাদিপশু চরানো এবং বসতবাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। এর মধ্যে ঘটনার দুই দিন আগে হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে নতুন করে বিরোধ দেখা দিলে উত্তেজনা আরও বাড়ে। এর জেরে গত ২৭ অক্টোবর সকালে গবাদিপশু চরাতে যাওয়ার পথে জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া এলাকায় আব্দুল হামিদের বাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় মতিউর রহমানের (৪৮) ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন।
পরে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুজিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।
এঘটনায় মতিউর রহমানের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটির ছায়াতদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৯-এর সুনামগঞ্জ ও সিলেট সদর কোম্পানির যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে দুখু মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






