জৈন্তায় ৭৫০ কেজি ভারতীয় জিরাসহ পিকআপ জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৯:১৭:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা এলাকার ধামড়ী ব্রিজের উত্তর পাশে সিলেটগামী সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও পিকআপের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চালকসহ দুই ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি দল। এসময় সিলেটগামী নম্বরবিহীন নীল রঙের টাটা কোম্পানির EX2 ACE মডেলের একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালকসহ গাড়িতে থাকা অপর ব্যক্তি পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে পিকআপের পেছনের অংশ তল্লাশি করে ২৫ বস্তা ভারতীয় K.S GOLD ব্র্যান্ডের জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি জিরা পাওয়া যায়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া জিরা পরিবহনে ব্যবহৃত পিকআপটির মূল্য প্রায় ৮ লাখ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরাসহ পিকআপটি জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।






