সাবেক এমপি রঞ্জিতের সীমান্ত সমাবেশ, পুলিশ হেফাজতে আ’লীগ নেতা তারা মিয়া
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৬:৪৯:৫২ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের সীমান্ত এলাকায় সমাবেশের বিষয়ে তথ্য জানতে মঙ্গলবার সকালে তাঁকে হেফাজতে নেওয়া হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তারা মিয়াকে আটক করে সদর থানা পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ওসি আরও জানান, সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে সঠিক তথ্য জানতে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।
এদিকে, সাবেক এমপি রঞ্জিত চন্দ্র সরকারের সমাবেশের স্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রথমে সিলেট-সুনামগঞ্জ সীমান্তের মেঘালয়-সংলগ্ন এলাকার কথা বলা হলেও দায়িত্বশীল একটি সূত্রের দাবি, সমাবেশটি সুনামগঞ্জে নয়, সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, তারা মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত সরকারের আমলে রঞ্জিত চন্দ্র সরকার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় তারা মিয়ার ভূমিকা নিয়ে বিতর্ক ছিল বলে জানা গেছে।
সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভায় বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন রঞ্জিত চন্দ্র সরকার। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তারা মিয়ার উপস্থিতিও দেখা যায়।




