আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৭:০৮:০৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমি বিক্রির চেষ্টা এবং ভূমি অফিসে ভুল তথ্য দিয়ে নামজারি করার অভিযোগ উঠেছে মো. মতিন মিয়া গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেন।
মঙ্গলবার বিকেলে ছাতক উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, পূর্ব কামারগাঁও মৌজার জেএল নম্বর ২১৯, এসএ খতিয়ান নম্বর ১২২ এবং এসএ দাগ নম্বর ২৩৮-এর মোট ৪৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর দাবি, ওই খতিয়ানে তাঁর মরহুম বাবা আলতাব মিয়া ও চাচা সুরুজ মিয়ার ওয়ারিশদের মোট ২৪ শতক ৫০ লিংক জমির স্বত্ব রয়েছে।
তিনি অভিযোগ করেন, জমির একটি অংশ বিভিন্ন সময়ে ৩১৭ ও ৮৪১ নম্বর খতিয়ানে নামজারি করা হয়। পরবর্তী সময়ে মতিন মিয়া গং ভূমি অফিসে ভুল তথ্য উপস্থাপন করে ২০২২-২৩ সালে ১৪০০ নম্বর খতিয়ানে ১৬ শতক জমি নামজারি করিয়ে নেন। তাঁর দাবি, আগের খতিয়ানের প্রয়োজনীয় সংশোধন ও কর্তন ছাড়াই ওই নামজারি করা হয়েছে। ইকবাল হোসেন জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে সুনামগঞ্জ সদর দেওয়ানি আদালতে ৫৪০/২০২৬ নম্বর মামলা দায়ের করেছেন তিনি। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে আদালতের নিষেধাজ্ঞার আদেশের অনুলিপি ছাতক সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, গত ৯ আগস্ট ও ৮ নভেম্বর বিরোধপূর্ণ জমিটি আজিজপুরের বাসিন্দা কবির মিয়ার কাছে দলিল করার চেষ্টা করা হয়। তবে আদালতের নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট অভিযোগের কারণে দলিল সম্পাদন সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন ছাতকের দলিল লেখক, জমির ক্রেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি অবগত থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমি কেনাবেচা ও দলিল সম্পাদন থেকে বিরত থাকার অনুরোধ করেন।





