জুড়ীতে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৭:৩৬:৩৭ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে থানার দায়িত্ব পালন শেষে ওই নারী কনস্টেবল হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন না। পথের একটি নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কাছেই মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিল। ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে দুই তরুণ মোটরসাইকেলে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে থানা-পুলিশের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন।
ওই নারী কনস্টেবলের স্বামী জানান, তাঁর স্ত্রী প্রায়ই থানার দায়িত্ব শেষে হেঁটে একা বাসায় ফেরেন। ঘটনার দিনও একইভাবে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। তবে দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকারাচ্ছন্ন ছিল। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পেছনে পেছনে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।





