ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ নিহত ১৩
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৪৯:৫৪ অপরাহ্ন

ভারত প্রতিনিধি : ভারতের ঝাড়খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারীও রয়েছেন। এ ঘটনায় একজন বেঁচে গেলেও তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার গভীর রাতে রাঁচি-পাটনা ৩৩ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিহারের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দারা রাজরাপ্পা মন্দিরে পূজা দিতে একটি স্করপিও গাড়ি ভাড়া করেন। গাড়িতে চালকসহ মোট ১৩ জন ছিলেন। নালন্দা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। রাত প্রায় ২টার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিকবার উল্টে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে গাড়িতে আটকে থাকা যাত্রীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ১৩ জনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে তাঁদের গ্রামের স্বজনদের। ঘন কুয়াশায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, চালকের ঘুমিয়ে পড়া কিংবা গাড়ির ব্রেক বিকল হয়ে দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক এ দুর্ঘটনার খবরে নালন্দার জাংহারো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।



