বিদ্যুৎ খাতের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৭:৪৩:৩৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও নির্মাণাধীন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের সই করা নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন-সংযোগ পরিদপ্তরের পরিচালক মমতাজ পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। নির্ধারিত দায়িত্বে থাকা কর্মচারী ছাড়া অন্য কাউকে এসব স্থানে প্রবেশ করতে দেওয়া যাবে না। বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখার পাশাপাশি আগের নির্দেশনাগুলোও যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের আগে বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির মাধ্যমে তল্লাশি এবং পরিচয় নিশ্চিত করতে হবে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া কাউকে স্থাপনায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) মূল অংশে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি নিয়ে প্রবেশকারীদের ভিজিটর কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।এ ছাড়া দর্শনার্থীদের নাম, পূর্ণ ঠিকানা, আগমনের উদ্দেশ্য, কার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড ও ভাণ্ডারে ব্যাগসহ যেকোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের ক্ষেত্রে যথাযথ তল্লাশি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।





