সরকার আ’লীগের সঙ্গে আঁতাত রাখলে জাতীয় ঐক্য সম্ভব নয় : জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৭:৪০:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, তাদের আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেওয়ার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, একদিকে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে ফ্যাসিবাদের সহযোগীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হচ্ছে। সরকারের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে না এলে জাতীয় ঐক্য সম্ভব নয়। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির, প্রবীণ রাজনীতিবিদ সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়াই জাতীয় ঐক্যের পূর্বশর্ত। সরকার এই দুটি বিষয় মেনে নিলে ঐক্যের জন্য আলাদা করে কোনো সভা বা বৈঠকের প্রয়োজন হবে না। তবে এর বাইরে সরকারের সঙ্গে কোনো ঐক্য বা সহযোগিতার সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে জামায়াত আমীর বলেন, সংসদের আগের অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রী তাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। সেখানে প্রায় ১৫ মিনিট কথা হয়েছে। তিনি বলেন, আমি তাকে পরিষ্কার বলেছি, আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরা তো জাতীয় ঐক্যের পক্ষেই আছি। জাতীয় ঐক্যের জায়গাটা আপনারাই নষ্ট করেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না, এই দুই জায়গা ছাড়া কখনো এ দেশে জাতীয় ঐক্য হবে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এই দুইটা মেনে নেন, জাতীয় ঐক্যের জন্য কোনো সভা-বৈঠকের প্রয়োজন হবে না। ফ্যাসিবাদ অথবা যেকোনো অপশক্তি মাথা তুলে দাঁড়াতে চাইলে এই পক্ষই তাদের মোকাবিলা করবে একসঙ্গে। সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অভিযোগ তুলে জামায়াত আমীর বলেন, প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন তাদের কিছু নেতাকে বহিষ্কার করা হচ্ছে, স্যাক করা হচ্ছে। কেন ? স্বৈরাচারের দোসরদের সঙ্গে তারা যোগাযোগ রাখে, বেনিফিট দেয়, ওদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করা হচ্ছে, তাদের সম্পদ ও ব্যবসার ভাগবাটোয়ারা নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এই দ্বিমুখী নীতি থেকে সরকার যদি বের হয়ে না আসে, কীসের ঐক্য সরকারের সঙ্গে ?





