ব্রাডফুডে শহীদ হাদি হত্যার প্রতিবাদে সভা
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৭:১২:০৩ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ইংল্যান্ডের ব্রাডফোর্ডের স্থানীয় কুইনহাউসে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
নর্থ ইংল্যান্ড বাংলাদেশী এসোসিয়েশনের ব্যানারে সংগঠনের সভাপতি নুরুল আমিন তারেকের সভাপতিত্বে, সাংবাদিক সারওয়ার হোসেইন, জাহাঙ্গীর আলম ও শেখ আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে ব্রাডফোর্ড ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন মনজুর আহমদ, আনোয়ার আলী জিতু, ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, কাউন্সিলার আশরাফ মিয়া, কাউন্সিলার ইসমাইল উদ্দিন, সাংবাদিক এমজি কিবরিয়া, আবুল কাশেম খান, মাওলানা নজরুল ইসলাম, মুজিবুর রহমান, আজগর খান ও মাসুম মর্তুজা প্রমুখ।
বক্তারা শরীফ ওসমান হাদির আসামিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার স্বার্থে নির্বাচন পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার করে সকল অপরাধী ও সন্ত্রাসীদের দমন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমরান আহমদ চৌধুরী, বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন মুজিবুর রহমান ও ইসলামী সংগীত পরিবেশন করেন সৈয়দ আজগর আলী। শেষে ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে তার শাহাদাতের মর্যাদা চেয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি





