সিলেটে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৯:০০:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের স্থগিত হওয়া প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিলেট অঞ্চলের পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এবছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস দিয়েছে শাবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ শনিবার (২৭ ডিসেম্বর) নির্ধারণ করা হয়।





