ধানের শীষ যতবার নির্বাচিত হয়েছে ততবারই উন্নতি এসেছে : তারেক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:৪৬:৫৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ধানের শীষ প্রতীক যতবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ততবারই মানুষের জীবনে উন্নতি এসেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারাদেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে নিজের আত্মীয়স্বজনকেও ধানের শীষে ভোট দিতে হবে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর ভাষানটেকে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা নিজ উদ্যোগে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।
বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন, বস্তিবাসীর পুনর্বাসনসহ নানা সামাজিক সমস্যা সমাধানে কাজ করবে প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা নিজ উদ্যোগে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় গেলে এসব কর্মসূচি বাস্তবায়নে বিএনপি কাজ করবে।
জনসভায় উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান।





