দেশ এগিয়ে নিতে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৮:২৪:৫৩ অপরাহ্ন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী বলেছেন, আসন্ন নির্বাচনে আমাদের এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে যারা দল-মত-ধর্ম নির্বিশেষে সকল মানুষকে একসাথে নিয়ে চলতে পারেন এবং সবাইকে সমান সুযোগ নিশ্চিত করতে পারবেন। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা দীর্ঘদিন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারি নাই। এবার একটি সুযোগ এসেছে, এটা কাজে লাগাতে হবে। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
বুধবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উদ্যোগে ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ও নির্বাচন: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক সিলেট আঞ্চলিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিভাগীয় কমিশনার বলেন, ফ্যাসিবাদ কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। ইসলামে সংঘাতের কোনো স্থান নেই। নিরপরাধ মানুষকে আঘাত কিংবা হত্যা করার কোনো বিধান নেই। মানবাধিকার সংকুচিত করার অধিকার কারও নেই। সবাই স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রাখে। তিনি ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী মানবিক সংকটের প্রসঙ্গ তুলে ধরে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবিকতা ধ্বংস হলে শান্তি ও গণতন্ত্র বিপন্ন হয়। এজন্য ধর্মীয় মূল্যবোধ, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সুনামগঞ্জ পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের সমন্বয়কারী নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সিলেট পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের সমন্বয়কারী জালাল উদ্দিন রুমী ও এমআইপিএস প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আকলিমা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সরূপ বড়ুয়া, সিনিয়র রেভারেন্ড ফিলিপ বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মনোজ বিকাশ দেবরায়, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, সিলেট জেলা সুজনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ চৌধুরী এবং বাংলাদেশ বেতারের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। ‘ধর্ম, সম্প্রীতি ও গণতন্ত্র: শান্তির জন্য পরস্পর সংযুক্ত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক। প্রবন্ধের ওপর আলোচনা করেন আনুন নাইম, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি এবং প্রফেসর ইকবাল আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এহসান উদ্দিন। গীতা পাঠ করেন দেবব্রত চক্রবর্তী, বাইবেল থেকে পাঠ করেন ফিলিপ সমাদ্দার এবং ত্রিপিটক থেকে পাঠ করেন আন্দশ্রী শ্রমণ। বিজ্ঞপ্তি





