ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৮:১৭:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৩ মার্চ)। সিলেটসহ পূর্বাঞ্চল রেলের সব’কটি রুটে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে কাল দুপুর ২টায়। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে জানায়, ৩ মার্চ প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ—ওই দিন ২৩ মার্চের টিকিট বিক্রি করা হবে। বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ ১৪ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হবে ৫ মার্চ। ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি হবে। পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন বেলা ২টা থেকে অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদে অগ্রিম ও ফেরতযাত্রার টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। এদিকে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হয়েছে। তবে পশ্চিমাঞ্চল রেলের চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ মিলে পূর্বাঞ্চল রেলওয়ে ও রাজশাহী, খুলনা, রংপুর বিভাগ মিলে পশ্চিমাঞ্চল রেলওয়ে গঠিত।
এদিকে পূর্বাঞ্চল রেল ঈদ উপলক্ষে কয়েকটি রুটে ৫ জোড়া স্পেশাল ট্রেন চালাবে। পূর্বাঞ্চলের অন্য রুটে স্পেশাল ট্রেন থাকলেও বরাবরের মতো এবারের ঈদযাত্রায়ও উপেক্ষিত পূর্বাঞ্চল রেলের গুরুত্বপূর্ণ রুট সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম। এবারও এই দুই রুটে থাকছে না স্পেশাল ট্রেন।
রেল কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্বাঞ্চল রেল। এবার চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। শোলাকিয়া ঈদ স্পেশাল হিসেবে দুই জোড়া ট্রেন চলাচল করবে ভৈরববাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে। এবার পবিত্র রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।





