জকিগঞ্জে এমপি আবুল হাসানের সাথে শিক্ষক নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৬:৩৬:৫৬ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে শিক্ষকবৃন্দ জকিগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক চিত্র সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা, পর্যাপ্ত ভবনের অভাব এবং একাধিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো নোট করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে শিক্ষকবৃন্দকে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাজহারুল হক সাজু, মো. বদরুল ইসলাম, মাসুদ আলম, মো. ইউনুছ আলী, তাজুল ইসলাম তাজ, আজাদ উদ্দিন, ইসলাম উদ্দিন, আবুল লেইছ চৌধুরী, মোস্তফা আজাদ জুয়েল, ইমরান আহমদ চৌধুরী, জামিল আহমদ ও মুহিন উদ্দিনসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে শিক্ষক নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানকে ফুলের তোড়া উপহার প্রদান করেন।





