ইরানে হামলার পক্ষে মাত্র ২৭% মার্কিন নাগরিক, বিপক্ষে ৪৩%!
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৮:৫৯:১৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ইরানে হামলা চালিয়ে ঘরেই প্রশ্নের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণ নাগরিকদের প্রতি চারজনের মধ্যে তিনজনই মার্কিন প্রেসিডেন্টের ইরান-নীতিকে সমর্থন করছেন না। অন্তত তেমনটাই উঠে এল সাম্প্রতিক একটি সমীক্ষায়। শুধু তা-ই নয়, ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির অনেকেও ইরানের হামলার সিদ্ধান্তকে মানতে পারছেন না।
গত শনিবার ইরানে যৌথ ভাবে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। সেই হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিই-সহ একাধিক শীর্ষনেতার। এই আবহে একটি সমীক্ষা করেছে মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স। রবিবার পর্যন্ত এই অনলাইন সমীক্ষা চালানো হয়। অংশ নেন আমেরিকার বিভিন্ন প্রান্তের ১ হাজার ২৮২ জন। তাতে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মাত্র ২৭ শতাংশ ইরানে মার্কিন হামলার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৪৩ শতাংশ। আর ৩০ শতাংশ নীরব ছিলেন।
শুধু ইরান নয়, সম্প্রতি ভেনেজুয়েলা, সিরিয়া এবং নাইজেরিয়ার মতো দেশেও সম্প্রতি সামরিক অভিযানের পথে হেঁটেছিলেন ট্রাম্প। সমীক্ষায় দেখা গেছে, এই বিষয়টি নজরে রেখে অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ মনে করছেন, আমেরিকার স্বার্থরক্ষায় সামরিক অভিযানেই বেশি আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। যাঁরা এই মতামত দিয়েছেন, তাঁদের মধ্যে ডেমোক্র্যাটের সংখ্যাই ৮৭ শতাংশ। ২৩ শতাংশ রিপাবলিকানও এই মত সমর্থন করেছেন। শুধু তা-ই নয়, ট্রাম্পের দলের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত ৪২ শতাংশ জানিয়েছেন, মার্কিন সেনার ক্ষতি হলে তাঁরা ইরানে হামলাকে সমর্থন করবেন না।





