বড়লেখায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ বদলি প্রত্যাহার দাবিতে এলাকাবাসির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৮:২৮:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ও এলাকায় গরীবের চিকিৎসক হিসেবে পরিচিত ডা. নজরুল ইসলামকে আকস্মিক বদলি করায় ক্ষুব্ধ হয়ে ওঠেছেন এলাকাবাসী। তিনি এলাকায় মানবিক ডাক্তার হিসেবেও পরিচিত। হঠাৎ এমন মানবিক চিকিৎসকের বদলি আদেশকে তারা সহজভাবে মেনে নিতে পারছেন। প্রিয় চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার বিকেলে স্বাস্থ্য কেন্দ্রের সামনে সর্বস্তরের এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
৪ মার্চ স্বাক্ষরিত বদলি আদেশের চিঠিটি ৫ মার্চ ধরিয়ে দিয়ে ডা. নজরুল ইসলামকে মাত্র তিন দিনের মাথায় ৮ মার্চ মধ্যে নতুন কর্মস্থল শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগদানের নির্দেশ দেন মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন ভুইয়া। আর এই বদলি শুনেই এলাকাবাসি ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারিদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করে। অনেকেই বলছেন এই বদলি আদেশকে অমানবিক, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক। এর পেছনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার ইন্ধন থাকার দাবি করছেন।
অবিলম্বে ডা. নজরুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন সুজানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. বাবুল হোসেন, সহ সভাপতি তাজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সমাজসেবক তাজির আহমদ, রুবেল আহমদ প্রমুখ। বক্তারা বলেন, অত্যন্ত নিবেদিতপ্রাণ এই চিকিৎসককে বদলি করলে এই এলাকার সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত হয়ে পড়বেন। হতদরিদ্র মানুষের ভরসা ডা. নজরুল ইসলাম। এলাকাবাসির স্বার্থে তার বদলি আদেশ প্রত্যাহার করতে হবে। ‘জনস্বার্থ বিরোধী’ ও ‘ষড়যন্ত্রমুলক’ বদলি এই আদেশ প্রত্যাহার করা না হলে সুজানগর ইউনিয়নবাসী আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।




