হবিগঞ্জে মির্জা ফখরুল: মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের বিগত সরকার প্রাপ্য সম্মান দেয়নি
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৯:১৯:২৩ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রাপ্য সম্মান বিগত সরকার যথাযথভাবে দেয়নি। তিনি বলেন, তেলিয়াপাড়ার গৌরবোজ্জ্বল ইতিহাস দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়নি।
শনিবার দুপুরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সৈয়দ মো. ফয়সল এমপি ও ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুহাম্মদ আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হলেও তাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানও বিভিন্ন সময়ে উপেক্ষিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে ওসমানী, জিয়াউর রহমানসহ শীর্ষ সেনানায়কদের অংশগ্রহণে যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই বৈঠক থেকেই মুক্তিযুদ্ধের সামরিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসে, যা পরবর্তীতে গেরিলা যুদ্ধ পরিচালনায় সহায়ক হয়।
আরো বক্তব্য রাখেন সাখাওত হাসান জীবন এমপি, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রী কমান্ড কাউন্সিলের আহবায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহমেদ খান, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা সর্বসম্মতিক্রমে তেলিয়াপাড়ার স্মৃতি সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।





