জুড়ীর নিখোঁজ প্রধান শিক্ষককে শ্রীমঙ্গল থেকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৭:২৯:১১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : জুড়ী উপজেলার ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকারিয়া মাহমুদকে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি। বাড়ির পাশেই পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তার ব্যবহৃত মোটরসাইকেল ও ছেড়া অবস্থায় পরনের পাঞ্জাবি। বন্ধ মিলে মোবাইল ফোন। এতে স্বজনদের মধ্যে দেখা দেয় উদ্বেগ আতংক।
পরিবারের দাবি নিখোঁজ প্রধান শিক্ষক মো. জাকারিয়া মাহমুদের জনৈক ব্যক্তির কাছে ৩ লাখ টাকা পাওনা ছিল। যদিও পরিবারের লোকজন ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি। দীর্ঘদিন ধরে তাগিদ দিয়েও টাকা আদায় করতে পারেননি। সোমবার রাত আটটার দিকে ওই ব্যক্তি টাকা পরিশোধের কথা বলে বাড়ি থেকে তাকে ফোনে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির সামনে তার মোটরসাইকেল পরিত্যক্ত ও পরনের পাঞ্জাবি ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ মিলে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। এতে স্বজন, সহকর্মী, শুভাকাঙ্খি ও পরিবারের লোকজনের মধ্যে উদ্বেগ-আতংক দেখা দেয়। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে নিখোঁজ প্রধান শিক্ষককে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে থানা পুলিশ।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে জুড়ী থানার ওসি মো. মিনহাজ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন জানান, প্রধান শিক্ষক নিখোঁজের খবর পাওয়ার পরই পুলিশ তার সন্ধানে কার্যক্রম শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার বেলা দুইটার দিকে শ্রীমঙ্গল এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। পৌঁছার পর জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।





