শ্রমিকদের অবদান ছাড়া সভ্যতা টিকে থাকতে পারে না : অধ্যাপক আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৬, ৮:৫১:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, শ্রমিকদের অবদান ছাড়া কোনো সভ্যতা টিকে থাকতে পারে না। অথচ বাংলাদেশে শ্রমিকদের যথাযথ মূল্যায়ন হয় না। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি গড়ে তুলতে শ্রমিকদের রক্ত-ঘামই প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট জেলার বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অধ্যাপক হান্নান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বড়ো অংশই শ্রমজীবী মানুষ। বিপ্লবের পর আমরা সুশাসনের প্রত্যাশা করেছিলাম, কিন্তু বর্তমান সরকার দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় শ্রমিকরা নতুন আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন।
বিভিন্ন উপজেলায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের সৈয়দ ফয়জুল্লাহ বাহার, এডভোকেট জামিল আহমদ রাজু, আতিকুল ইসলাম, নিজাম উদ্দিন খান, মাজাহারুল হক, মাওলানা নজরুল ইসলাম, আব্দুস সাত্তার মুন্না ও মুহাম্মদ আল আমীন ও ডা. সাইফুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি





