জৈন্তা গোয়াইনঘাট ও বিশ্বনাথে মাহফুজা হান্নান এমপির আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ৯:৪৯:৪০ অপরাহ্ন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ঈদ উপহারের নগদ অর্থ সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও বিশ্বনাথ উপজেলার দু:স্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রদান করা হয়েছে।
২৫ মে সোমবার দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা সদরের একটি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জৈন্তাপুর ও গোয়াইনঘাটের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ধনি, গরিব, স্বচ্ছল, অস্বচ্ছল সবাইকে নিয়েই আমাদের সমাজ। আমরা চাই সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এগিয়ে যেতে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মূলস্রোতে নিয়ে আসতে সরকার ও বিত্তশালীদের দায়বদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে।
বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী রুজিনা বেগম, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা গোলাম কিবরিয়া। এসময় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলারাও উপস্থিত ছিলেন।
এদিকে, পৃথক এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বনাথ উপজেলার সুবিধাবঞ্জিতদের মাঝেও নগদ অর্থ প্রদান করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপির পক্ষ থেকে প্রদানকৃত অর্থ হস্তান্তর করেন উপজেলা জামায়াতের আমীর, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, উপজেলা নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারী মতিউর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি





