দোয়ারায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৭:৫২:৪১ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে| সোমবার দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ|
আধুনিক প্রযুক্তির মাধ্যমে দোয়ারাবাজার উপজেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ প্রযুক্তি ও কৃষি সেবাভিত্তিক মোট ১০টি স্টল অংশ নিয়েছে| মেলায় কৃষকরা বিভিন্ন প্রযুক্তি ও সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন| মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ|
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম বলেন, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে| প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে| মেলায় ১২ টি স্টল স্থান পেয়েছে| এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন|




