পুলিশের সামনে আ’লীগের ঝটিকা মিছিল : আটক ৪
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৯:২১:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে এবার পুলিশের সামনেই জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে নগরীর নবাব রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পরপরই স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা সকলেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫০/৬০ জন নেতা-কর্মী ব্যানার সহকারে নগরীর ওসমানী মেডিকেল সংলগ্ন নবাব রোড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। ঠিক সে সময়ই সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। মিছিলটি পুলিশের গাড়ির পাশ কেটেই সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু তখন পুলিশ কোন অ্যাকশন নেয়নি। মিছিলটি শেষ হলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। ঐ মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকেও নেতৃত্ব দিতে দেখা গেছে।
এদিকে পুলিশের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। পুলিশের কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মিছিলের পেছনে পুলিশের সহযোগিতা থাকতে পারে বলেও সন্দেহ করছেন কেউ কেউ।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটক করেছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।





