তাহিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৯:৪৫:০৬ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবু কালাম ওই গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবু কালাম নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানতে পারে পুলিশ। পরে তাহিরপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পালের নির্দেশনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, আবু কালামের সঙ্গে মোবাইল ফোনে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখানো হয়। পরে ২০২৪ সালের ২৪ মে কিশোরীকে অপহরণ করে আবু কালাম। এ সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। কিশোরীকে খুঁজে না পেয়ে তার পরিবার ২৯ মে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে ২ জুন পুলিশ তাকে উদ্ধার করে।
মামলার পর আদালতে সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আবু কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।






