তাহিরপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বাছাই কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৯:৪৬:৫৭ অপরাহ্ন

Oplus_16908288
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা পর্যালোচনা, জনগুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ এবং সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের উন্নয়নে একটি কার্যকর গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সময়ের দাবি। পরিকল্পিত ও টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে উঠলে প্রত্যন্ত এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণে গতি আসবে এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সেবায় মানুষের প্রবেশাধিকার বাড়বে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মহিবুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাংবাদিক, উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি এবং সিএনজি, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






