আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা: শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা ও ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫:০৮ অপরাহ্ন

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল উদ্দেশ্য শুধু সাক্ষরতার হার বাড়ানো নয়; বরং মানুষকে পড়তে, লিখতে এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মৌলিক জ্ঞান প্রয়োগে সক্ষম করে তোলা। যারা এখনো সাক্ষরতার বাইরে রয়েছে, তাদের শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসা প্রত্যেকের দায়িত্ব।
তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধরে রাখা এবং ঝরে পড়া রোধ করা এখন বড় চ্যালেঞ্জ। অনেক অভিভাবককে বারবার আহ্বান জানানো সত্ত্বেও বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে তাদের উপস্থিতি কম থাকে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার সঙ্গে মাদকাসক্তি প্রতিরোধের বিষয়টিও নিবিড়ভাবে সম্পৃক্ত। শিশু-কিশোরদের বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং লেখাপড়ার বাইরে থাকা তাদের নানা ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই সন্তানরা কোথায় যাচ্ছে, কী করছে এবং তাদের শিক্ষাজীবন ঠিকমতো চলছে কি নাÑসেদিকে অভিভাবকদের নজর দিতে হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা ও ঝরে পড়া রোধে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক গুলজার আহমদ হেলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি






