ইসলামবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫:৫৩ অপরাহ্ন

জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনকে কুরআন ও সুন্নাহবিরোধী দাবি করে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর শাখা। শুক্রবার বাদ জুমআ’ কোর্ট পয়েন্টস্থ কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। পরে কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে শেষ হয়।
মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী।
তিনি বলেন, কুরআন ও সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিল করতে হবে। নির্বাচনের আগে বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংসদে কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে বলে তিনি অভিযোগ করেন।
মাওলানা জালালী আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে এ ধরনের আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহারের দাবিও জানান তিনি।
সভাপতির বক্তব্যে মাওলানা এমরান আলম কুরআন ও সুন্নাহবিরোধী আইন প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি ইসলামের উত্তরাধিকার আইন বাস্তবায়ন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি






