দোয়ারায় ৪ হাজার ২৬১ ঘনফুট পাথর জব্দ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪০:২৪ অপরাহ্ন

দোয়ারাবাজার সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। অভিযানে অবৈধভাবে উত্তোলন করা ৪ হাজার ২৬১ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
বুধবার বিএমডির দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন স্থানে অবৈধভাবে উত্তোলন করে রাখা পাথর জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা পাথর পরবর্তী সময়ে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হবে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





