তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৬:২১ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে। তিনি পেশায় নৌকার শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাট এলাকার উদ্দেশে রওনা হন শিপু মিয়া। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় বৃষ্টির মধ্যে বজ্রপাতে আক্রান্ত হন তিনি। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচা এমজি সম্রাট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






