ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৬:৩৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার দুই দিনের মাথায় ফের বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোরের দিকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। পরে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। উৎপাদন শুরুর পর কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোরে কারখানাটি আবার বন্ধ হয়ে যায়।
সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, ‘কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। আগামী রোববারের দিকে পুনরায় চালু করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।’
উল্লেখ্য, টানা ৬ মাস ইউরিয়া উৎপাদন বন্ধ থাকার পর ২০২৫ সালের ২ নভেম্বর কারখানা চালু হলেও ওই দিন আবার বন্ধ হয়ে পড়ে। এরপর চলতি বছরের ২ মার্চ কারখানা পুনরায় চালু হয়েছিল। তবে দুদিন পর ৪ মার্চ গ্যাস সংকটে আবারও বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন।





