অবৈধ ইটভাটা বন্ধের কঠোর হুঁশিয়ারি
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৩:৪৬ অপরাহ্ন
সিলেটে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
স্টাফ রিপোর্টার : অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জোরদারের কঠোর বার্তা দিয়েছে পরিবেশ অধিদপ্তর সিলেট। বৈধ লাইসেন্স ছাড়া ভাটা পরিচালনা, অনুমোদনহীন উৎস থেকে মাটি সংগ্রহ, জ্বালানি কাঠ ব্যবহার ও পরিবেশবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারীও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের সুরমা সম্মেলন কক্ষে ইটভাটা মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারী দেওয়া হয়। সভায় প্রায় ৫০ জন ইটভাটা মালিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইটভাটার বৈধ লাইসেন্স, অনুমোদিত উৎস থেকে মাটি সংগ্রহ, জ্বালানি কাঠ ব্যবহার না করা, মানসম্মত কয়লা ব্যবহার, নির্গমন নিয়ন্ত্রণ এবং ভাটার অবস্থান ও দূরত্বসংক্রান্ত আইনগত শর্ত তুলে ধরা হয়। একই সঙ্গে প্রচলিত পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ও আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদনে রূপান্তরের আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিকদের আইন ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। অবৈধ কার্যক্রম থেকে বিরত থেকে পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরের পাশাপাশি ব্লক ইট উৎপাদনের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।






