বাণিজ্যমন্ত্রী সিলেট আসছেন কাল
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৭:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : একদিনের সফরে আগামীকাল বুধবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করবেন।
মঙ্গলবার মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহমদ স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। বুধবার সকালে বিমানযোগে সিলেট এসে বেলা ১১টা ৪০ মিনিটে কানিশাইলে সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করবেন তিনি। পরে বেলা ১২টা ২০ মিনিটে ওসমানীনগরের কুরুয়ায় ৬ লেন প্রকল্পের কাজ পরিদর্শনে যাবেন।
কুরুয়া থেকে সড়কপথে হবিগঞ্জের নবীগঞ্জের পানিউমদা এলাকায় গিয়ে মহাসড়কের কাজ পরিদর্শন করবেন মন্ত্রী। এরপর হবিগঞ্জে উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে সমন্বয় সভায় অংশ নিয়ে সিলেট ফিরবেন। রাত সাড়ে ৯টার ফ্লাইটে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।






