নগরী থেকে কিশোরগ্যাং এর ৪০ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৮:৩৯:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে কিশোরগ্যাং, ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মহানগর পুলিশ। রোববার রাত ১০টার দিকে চৌহাট্টা পয়েন্ট থেকে অভিযান শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়কের মোড় ও অলিগলিতে চলে। এসময় কিশোরগ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন শিক্ষার্থীকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে ছুরিসহ তিন ছিনতাইকারী এবং ‘টাইগার জামাল’ গ্রুপের কয়েকজন সদস্যও আটক হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদেরও খোঁজা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে কিশোর ও তরুণদের একটি অংশ জড়িয়ে পড়ছে। রাতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত ও ছিনতাই প্রতিরোধে এ বিশেষ অভিযান শুরু হয়েছে। অকারণে অলিগলি বা বিভিন্ন মোড়ে আড্ডা দেওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজন হলে আটক করা হবে।
পুলিশ জানায়, নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রাতের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। দলবদ্ধভাবে অবস্থান নেওয়া তরুণদের কর্মকাণ্ডও নজরদারিতে রাখা হচ্ছে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এঅভিযান ধারাবাহিকভাবে চলবে।






