আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৮:৪১:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিলেটের সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন। রোববার (৪ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের দুর্ব্যবহার দীর্ঘদিনের। তার আচরণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও দাবি তাদের। সম্প্রতি নাইট ডিউটির কারণে পরীক্ষার সময় পরিবর্তনের আবেদন করলে তা প্রত্যাখ্যানের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল আহমদ। একইধরনের অভিযোগ করেন শিক্ষার্থী মামুন ও রায়হানও।
আন্দোলনের পর অধ্যক্ষ পদত্যাগ করায় কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা স্বরূপা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সাইদা ইয়াসমিনের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।






