কুলাউড়ায় ৩শ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৬:৪০:৪৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে মৌলভীবাজারের কুলাউড়ায় ৩শ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র সংসদ ‘আল-ফায়জী’। শনিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার অনুপ্রেরণা দেওয়া হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ, সাংবাদিক আজিজুল ইসলাম ও ব্যাংকার সুয়েবুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি প্রদানের এ উদ্যোগ তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।






